জামিন পেলেন ইমরান খান, মুক্তির বিষয়ে যা জানা গেল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার আট মামলায় জামিন দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের মে মাসে ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে হামলা চালানোর পর তার বিরুদ্ধে মামলা করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই মামলায় তার জামিন মঞ্জুর করেন। লাহোর হাইকোর্ট আগে জামিন অস্বীকার করায় ইমরান সেখানে আপিল করেন, যা সুপ্রিম কোর্ট থেকে গৃহীত হলো।

সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকে, তবে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে। তবে দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ায় এখনই ইমরান বাইরে বের হতে পারছেন না।

পিটিআইকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘এখন ইমরান খানকে জেল থেকে বের করে আনার জন্য আরও একটি মামলায় (আল-কাদির মামলা) জামিন প্রয়োজন।’

ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ক্ষমতায় বসেছেন শেহবাজ শরিফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। তার সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের অনেক নেতাও এসব মামলায় জর্জরিত হয়েছেন।

২০২৩ সালের মে মাসে ইমরান খানকে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার সমর্থকরা ক্ষোভে ফুঁসে ওঠেন এবং সেনাবাহিনী এই গ্রেপ্তারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন অবকাঠামোতে হামলা ও ভাঙচুর চালান।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।