জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি: সিন্দুক মিললেও নেই কোটি টাকার স্বর্ণ-রুপা

কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রধান বাজারে বাংলাদেশ জুয়েলার্সে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় উদ্ধার হয়েছে লুট হওয়া লোহার সিন্দুকটি।

 তবে সেটি ভাঙা ও খালি অবস্থায় পাওয়া গেছে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার একটি ব্রিজের নিচ থেকে। ডাকাতরা নিয়ে গেছে প্রায় কোটি টাকার স্বর্ণ, রুপা ও নগদ অর্থ। এখনও পর্যন্ত কোনো অপরাধীকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ফলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে প্রাইভেটকারযোগে আসা দুর্বৃত্তরা খোকসা বাজারের বাংলাদেশ জুয়েলার্সের তালা ভেঙে ভিতরে ঢুকে মাত্র ১২ মিনিট ১০ সেকেন্ডে দোকানের প্রায় ৪ মন ওজনের লোহার সিন্দুকটি তুলে নিয়ে যায়।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মাসুম বিল্লা বলেন, “প্রতি শুক্রবার আমি দুপুরে দোকান খুলতে যাই। দোকানে গিয়ে দেখি তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আমার প্রধান লোহার সিন্দুকটি উধাও।”
তিনি জানান, সিন্দুকটিতে ছিলো বিভিন্ন কাস্টমারের প্রায় ৪৫-৫০ ভরি সোনা, ৩০০ ভরি রুপা এবং ৩০ হাজার নগদ টাকা। তার দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

শনিবার (২৪ মে) সকালে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের বেজখালী বাজার সংলগ্ন ব্রিজের নিচে ভাঙা ও খালি অবস্থায় সিন্দুকটি উদ্ধার করে বেতাই চন্ডীপুর ক্যাম্প পুলিশ।
পরে খোকসা থানার পুলিশ সিন্দুকটি জব্দ করে এবং ব্যবসায়ী মাসুম বিল্লাকে ভিডিও কলে দেখিয়ে সেটি শনাক্ত করা হয়।

খোকসা বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরোদ কুমার রায় বলেন, “থানা থেকে খুব বেশি দূরে নয় দোকানটি। এরকম দুর্বৃত্ত হামলায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
খোকসা বাজার ব্যবসায়ী সমিতির নেতা গোলাম ছরোয়ার বলেন, “শনিবার ব্যবসায়ীদের এক জরুরি বৈঠক হওয়ার কথা থাকলেও আতঙ্কে তা বাতিল করা হয়েছে।”

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, “মামলা হয়েছে। তদন্ত চলছে। সিন্দুকটি লক অবস্থায় উদ্ধার হয়েছে, তবে তা ভাঙা। আমরা অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছি। আশা করছি শিগগিরই ভালো খবর দিতে পারব।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।