গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) জনসভা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতাকর্মীরা।
ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে এনসিপি নেতাকর্মীদের অনেকেই “সবাই গোপালগঞ্জ আসেন” বলে আহ্বান জানান। তবে এই ডাককে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
এই ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচিত জুলাই যোদ্ধা ফারজানা সিঁথি। তিনি দাবি করেন, এই ডাক “জুলাইয়ের” নামে দিলেও এটি আসলে একটি রাজনৈতিক ডাক, এবং সেই রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট না করায় জনগণ বিভ্রান্ত হতে পারে।
ফেসবুক পোস্টে ফারজানা সিঁথি লেখেন,“যারা ‘সবাই গোপালগঞ্জ আসেন’ ডাক দিলেন, তারা কাদের ডাকলেন? এনসিপিকে, না জুলাইয়ের বিপ্লবীদের? আজকে কি ‘জুলাই রিমেইক’ করতে গিয়েছিলেন, নাকি ‘ফাপড়ের রাজনীতি’ প্রতিষ্ঠা করতে?”
তিনি আরও বলেন,“জুলাই বেইচা দল গঠনের মতো অবস্থা। আবার ব্লকেড ডাক দিয়েছেন নাকি? কেন সরকার বা প্রশাসন আপনাদের রেস্কিউ করে না? মন ভরলো না হাসিনা স্টাইলে গুলি চললো না বলে?”
সিঁথি প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জের এই ডাক যদি রাজনৈতিক হয়, তাহলে সেটা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। তার ভাষায়,“ক্লিয়ার করেন, এটা রাজনৈতিক ডাক, জুলাইয়ের না। ভোট চাইতে গিয়ে ‘জুলাই’ নামে চালাইলে আর সবাই যাবে না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,“জুলাই নামে চালালে দিয়েছেন চলে যাবে, এসব আর ভাবিয়েন না। ‘জুলাই’ কারো বাপের সম্পত্তি না, যে ভোট চাইতে গিয়ে এই নামে ডাক দেবেন। জুলাই বিপ্লবীদের ত্যাগের নাম, একে রাজনৈতিক হালকা খেলায় ব্যবহার করবেন না।”
উল্লেখ্য, ফারজানা সিঁথি কোটা সংস্কার আন্দোলনের সময় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে আলোচনায় আসেন। এরপর বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সোচ্চার ভূমিকার কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন। তিনি জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ‘ইচ্ছে করে’ গানের মিউজিক ভিডিওতেও অভিনয় করেন।
খবরওয়ালা/আশ



