টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, আটক ৬০

খবরওয়ালা অনলাইন ডেস্ক:টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে যৌথ বাহিনী । গতকাল শনিবার সন্ধ্যা থেকে টানা ৪ ঘণ্টার অভিযানে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধীকে আটক করা হয়।একই সঙ্গে নগদ টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি, চাকুসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে বস্তি চারদিক থেকে ঘিরে রাখে র‍্যাব, পুলিশ, সেনা, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। সেনাসদস্যরা এক এক করে বস্তির প্রতিটি ঘর তল্লাশি করলে বিভিন্ন ঘর থেকে উদ্ধার হয় মাদক বিক্রির ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি চাকু, দুটি ছোরাসহ বিভিন্ন জিনিস।

 
অভিযানটি পরিচালিত হয় গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। এতে অংশ নেন গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্য, র‍্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হানুল ইসলাম।

রায়হানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এই মাজার বস্তির লোকজন ছিনতাই, ডাকাতি, রাহাজানিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই বস্তিতে অভিযান পরিচালনা করেছি। আমরা বিভিন্ন অপরাধে জড়িত, চিহ্নিত সন্ত্রাসী, মাদকসেবী, মাদক বিক্রেতাসহ মোট ৬০ জনকে আটক করেছি। পাশাপাশি মাদকদ্রব্যসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয় এমন বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। রমজান মাসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনজীবনে স্বস্তি ফেরাতে আমাদের এ অভিযান চলমান থাকবে।’

খবরওয়ালা/এফএস
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।