খবরওয়ালা স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
শারজাহ স্টেডিয়ামটি বাংলাদেশের ক্রিকেটারদের হাতের তালুর মতো চেনা। এই মাঠে আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে সবকটি জিতেছে বাংলাদেশ।
টসের পর বাংলাদেশ অধিনায়ক লিটন বলেছেন, আমি টস জিতলে আগে ব্যাট করতে চাইতাম। উইকেটটা ভালো দেখাচ্ছে। আমরা যদি বড় স্কোর করতে পারি, তাহলে সেটা দ্বিতীয় ইনিংসে কাজে দেবে। কারণ আমার মনে হচ্ছে দ্বিতীয়ার্ধে উইকেটটা একটু স্লো হয়ে যাবে।
আরব আমিরাতের অধিনায়ক ওয়াসেম জানিয়েছেন, তারা বাংলাদেশ দলকে ১৪০-১৫০ রানের মধ্যে আটকে রাখতে চান। ওয়াসেমের বিশ্বাস, চার থেকে পাঁচ মাস শারজাহর উইকেটে কোন খেলা না হওয়ায় ফ্রেশ উইকেটে শুরুতে বোলাররা সুবিধা পাবে।
বাংলাদেশ সিরিজের প্রথম এই টি-২০ ম্যাচে সৌম্য সরকারকে একাদশে রাখেনি। ওপেনিংয়ে পারভেজ ইমনকে সুযোগ দেওয়া হয়েছে। তার সঙ্গে আছেন তানজিদ তামিম। বোলিং আক্রমণে মুস্তাফিজ ও হাসান মাহমুদের সঙ্গে তানজিম সাকিবকে রাখা হয়েছে। দুবাই বিমানবন্দরে তিন রাত আটকে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন নেই একাদশে। সুযোগ পেয়েছেন বাঁ-হাতি তানভীর ইসলাম।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
আরব আমিরাত একাদশ
মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ।
খবরওয়ালা/এসআর