টাইমের শ্রেষ্ঠ উদ্ভাবন তালিকায় নাম উঠলো বাংলাদেশি খাবারের

বিশ্ববিখ্যাত টাইম সাময়িকী তাদের মর্যাদাপূর্ণ ‘টাইম শ্রেষ্ঠ উদ্ভাবন ২০২৫’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে অপুষ্টিতে ভোগা শিশুদের অন্ত্রের স্বাস্থ্য পুনরুদ্ধারকারী বিশেষ সম্পূরক খাবার এমডিসিএফ-২। এটি বাংলাদেশের স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির যৌথ গবেষণায় উদ্ভাবিত।

মাইক্রোবায়োটা ডিরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড বা এমডিসিএফ এক ধরনের বিশেষ পুষ্টি সম্পূরক। এটি অন্ত্রের উপকারী জীবাণুগুলোকে সক্রিয় করে শিশুদের স্বাস্থ্যকর বৃদ্ধি ও বিকাশে ভূমিকা রাখে। টাইম ম্যাগাজিনের ‘সামাজিক প্রভাব’ বিভাগে এটি স্থান পেয়েছে।

বিগত বছরগুলোতে কিছু উন্নতি হলেও বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রায় অর্ধেকের কারণ অপুষ্টি। যুদ্ধ, বাস্তুচ্যুতি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা আরও ভয়াবহ হয়ে উঠছে, ফলে কোটি কোটি শিশু খর্বতা ও কৃশতায় ভুগছে।

ছোলা, সয়াবিন, চিনাবাদাম ও কাঁচকলার গুঁড়োর বিশেষ মিশ্রণে তৈরি এমডিসিএফ-২ অন্ত্রের নির্দিষ্ট উপকারী জীবাণুগুলোর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়বিক বিকাশ ও স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করে।

এই উদ্ভাবনের সূচনা হয় আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির অন্ত্র-জীবাণু গবেষক ড. জেফরি গর্ডনের মধ্যে এক আলোচনার মাধ্যমে। ড. তাহমিদ দীর্ঘদিন ধরে শিশুদের অপুষ্টি নিয়ে গবেষণা করছেন, অন্যদিকে ড. গর্ডন অন্ত্রের মাইক্রোবায়োম বিষয়ে বিশ্বজুড়ে পথিকৃৎ হিসেবে পরিচিত।

ড. গর্ডন জানান, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, শিশুদের পুষ্টি ও বৃদ্ধি নির্ভর করে অন্ত্রের জীবাণুর ওপর। আমরা এমন কিছু উপকারী জীবাণু শনাক্ত করেছি, যারা বিশেষ খাদ্য উপাদান প্রক্রিয়াজাত করতে সক্ষম। বাংলাদেশে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ মিলেছে, এমডিসিএফ-২ অন্ত্রের মাইক্রোবায়োম পুনর্গঠনে কার্যকর এবং এর সুফল শরীরের অন্যান্য অংশেও বিস্তৃত।’

ড. তাহমিদ আহমেদ বলেন, ‘এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এটি প্রমাণ করে, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধ একত্রে কাজ করলে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব। স্থানীয়ভাবে প্রস্তুত সাশ্রয়ী এই খাদ্য সম্পূরক কোটি কোটি অপুষ্ট শিশুর সুস্থ বিকাশে ভূমিকা রাখতে পারবে।’

বর্তমানে ভারত, পাকিস্তান, মালি ও তানজানিয়ায় এই খাবার নিয়ে বৃহৎ পরিসরে গবেষণা চলছে। এমডিসিএফ-২ পুষ্টি উন্নয়ন কর্মসূচিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে এবং বৈশ্বিক অপুষ্টি মোকাবিলায় একটি যুগান্তকারী সমাধান হয়ে উঠতে পারে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।