ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সেনা সদর জানিয়েছে, হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত এবং একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি বলেন, ‘সেনাবাহিনীর কাছে কারও বিরুদ্ধে গুমের ওয়ারেন্টের কোনো কপি আসেনি। সেনাবাহিনী কোনো ওয়ারেন্ট পেপার পায়নি। এলপিআরের ১ জন এবং সার্ভিসে থাকা ১৫ জনসহ মোট ১৬ জনকে সেনা হেফাজতে নেয়ার আদেশ দেয়া হয়েছে। এর মধ্যে ১৫ জন ইতোমধ্যে হেফাজতে আছেন।’

মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, অভিযুক্ত মেজর জেনারেল কবির আত্মগোপনে গেছেন। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য সেনাবাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘ওয়ারেন্টভুক্তদের ২২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ রয়েছে। তবে এ ওয়ারেন্ট নিয়ে আইনি ব্যাখার প্রয়োজন আছে। তাই ২২ অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের ব্যাখা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয় এবং আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর আদালতে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।