শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে আগামীকাল রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছেন। কর্মসূচি থেকে দাবিদাওয়া পূরণ না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নেতারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। সরকার যদি দাবি মেনে নিতে গড়িমসি করে, তবে লাগাতার অবস্থানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে।’

জানা গেছে, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শিক্ষক সমাবেশে লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অংশ নেন। সে সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির আশ্বাস দেন। তবে দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা।

এ অবস্থায় জোটের পক্ষ থেকে আগামীকাল রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে অর্থ মন্ত্রণালয় এক পরিপত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ করে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের এক চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষক-কর্মচারীরা এ বৃদ্ধিকে পর্যাপ্ত নয় বলে প্রতিবাদ জানান।

গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়, যা ৫ অক্টোবর ওয়েবসাইটে প্রকাশিত হয়। পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো। এতে আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে ভাতা কার্যকর হবে বলে জানানো হয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।