খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার (৩০ মার্চ) ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, নতুন পারমাণবিক সমঝোতায় রাজি না হলে, ইরানের ওপর সামরিক হামলা হতে পারে। ট্রাম্পের এই হুমকির পর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার (৩১ মার্চ) তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন।
খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আমাদের শত্রুতা সবসময় ছিল এবং তারা আমাদের ওপর প্রায়ই আক্রমণের হুমকি দেয়। তবে, আমরা এটি খুব একটা সম্ভব বলে মনে করি না। যদি তারা কোনো দুষ্কর্ম করার চেষ্টা করে, তবে অবশ্যই তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘যদি তারা বিগত বছরগুলোর মতো দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে ইরানি জনগণ নিজেরাই তাদের মোকাবেলা করবে।’
ইরানি কর্তৃপক্ষ সাম্প্রতিক অস্থিরতার জন্য পশ্চিমা দেশগুলোকে দোষারোপ করছে। এর মধ্যে রয়েছে ২০২২-২০২৩ সালে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এবং ২০১৯ সালে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে দেশব্যাপী আন্দোলন।
এর আগে, ট্রাম্পের পাঠানো পারমাণবিক চুক্তি সম্পর্কিত চিঠির জবাবে, ইরান জানিয়েছে যে, তারা সরাসরি আলোচনায় বসতে রাজি নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা আমাদের মতামত বিস্তারিতভাবে তুলে ধরেছি এবং বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠি সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছি। আমাদের নীতি এখনও সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে সরাসরি আলোচনা না করা। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চালানো যেতে পারে।’
এই পরিস্থিতিতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হচ্ছে, এবং ভবিষ্যতে যে কোনো সামরিক উত্তেজনা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
খবরওয়ালা/এমবি