ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শনিবার (২ আগস্ট) ভারতের সরকারঘনিষ্ঠ দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতের নীতিনির্ধারকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রুশ তেল কেনা নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসছে না।

সম্প্রতি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ঘোষণা দেন, ‘অন্যায্য বাণিজ্যিক আচরণ এবং রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার’ কারণে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, পাশাপাশি থাকবে অতিরিক্ত জরিমানাও। তিনি জানান, এই পদক্ষেপ আগস্টের শুরু থেকেই কার্যকর হবে।

এর একদিন পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি শুনেছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।’ তবে এমন মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।

এই প্রেক্ষাপটে ভারতীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি তেল চুক্তি রয়েছে, যা রাতারাতি বাতিল করা সম্ভব নয়। তাদের ভাষ্য, ভারতের আমদানি করা তেলের প্রায় ৩৫ শতাংশই আসে রাশিয়া থেকে এবং এই আমদানি আন্তর্জাতিক বিধিবিধান মেনেই হচ্ছে, কারণ রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই। কেবল ইউরোপীয় ইউনিয়ন ও জি-সেভেন দেশগুলোর নির্ধারিত মূল্যসীমা কাঠামোর মধ্যেই এই লেনদেন চলছে।

তেলের উৎস নির্বাচন নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করে শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘জ্বালানির উৎস নির্ধারণে আমরা বাজারে কী পাওয়া যাচ্ছে, সেটাই দেখি। পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতিও বিবেচনায় রাখি।’ তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক নির্ধারিত হয় দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে, তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে নয়।’

তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্তের মাধ্যমে ভারত এই বার্তাই দিচ্ছে যে, তারা জ্বালানিনীতিতে স্বায়ত্তশাসিত এবং যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতিস্বীকারে রাজি নয়। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ভারত সরকার ও হোয়াইট হাউসের মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।