ডাকসু নির্বাচনে লড়বেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় প্রার্থিতার ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। 

শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও গবেষণা-ভিত্তিক নেতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে স্বতন্ত্র প্যানেলে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।

ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এরপর বুধবার (৩০ জুলাই) রাতে ফেসবুক পোস্টে নিজের প্রার্থিতার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী উমামা ফাতেমা। তিনি লেখেন, প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে আসছেন। বৈধ সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্ম গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

উমামা বলেন, “বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ছাড়া এখানকার সমস্যাগুলো সমাধান কঠিন। এই বিপ্লবের নেতৃত্ব শিক্ষার্থীরাই দিতে পারে এবং ছাত্র সংসদই হতে পারে পরিবর্তনের কেন্দ্রবিন্দু।”

তিনি আরও লেখেন, “শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায়, যারা কোনো পক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হবে না এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”

উমামা জানান, তিনি একটি স্বতন্ত্র ও গবেষণাভিত্তিক প্যানেল গঠনের পরিকল্পনা করছেন, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্যানেলে যোগ দেওয়ার আগ্রহীদের জন্য একটি ফর্মও প্রকাশ করেছেন তিনি।

ডাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। উমামা ফাতেমার মতো পরিচিত মুখের প্রার্থীতা সেই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।