ডাকসু নির্বাচন: ভোট চাইতে এলে বিরিয়ানি-নাশতা আনতে দরজায় নোটিশ!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে।

নির্বাচনের প্রচারণার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন প্রার্থীদের উপস্থিতিতে ব্যস্ত। বিভিন্ন প্রার্থী শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে একাডেমিক ভবনের দরজা থেকে দরজায় ঘুরে যাচ্ছেন।

তবে পরীক্ষা চলমান থাকায় প্রার্থীদের বারবার রুমে প্রবেশ পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি করছে। এতে কিছু শিক্ষার্থী অভিনব পন্থা নিয়েছেন। তারা প্রার্থীদের রুমে প্রবেশে নিরুৎসাহিত করছেন। কেউ যদি বিশেষভাবে প্রবেশ করতে চান, তবে তাদেরকে বিরিয়ানি, ফলমূল বা নাশতা নিয়ে আসতে বলা হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন পদের প্রার্থীরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে রুমে আসেন, যা পরীক্ষার সময় পড়াশোনায় ব্যাঘাত তৈরি করছে। বাধ্য হয়ে অনেকেই দরজায় নোটিশ টাঙিয়ে রেখেছেন।

জগন্নাথ হলের এক রুমের দরজায় দেখা যায় একটি সাদা কাগজে লেখা: “ইয়ার ফাইনাল চলিতেছে। রুমে প্রবেশের জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। নিতান্তই প্রবেশ করিতে হলে ফলমূল এবং নাশতা নিয়ে আসবেন।”

আরেক কক্ষে লেখা, “ডাকসুর যে কোনো পদের ভোট চাইতে হলে এই রুমে কাচ্চির বাজেট নিয়ে ঢুকবেন। ১০০ পার্সেন্ট ভোট পাবেন। অন্যথায় মিষ্টি কথায় কোনো কাজ হবে না।”

ঢাবির আরেক হলের রুমের দরজায় লেখা দেখা গেছে, “কাল পরীক্ষা। আজ যিনি রুমে নির্বাচনী প্রচারণা করতে নক দিবেন তাকে ভোট দেবো না।”

জগন্নাথ হলের শিক্ষার্থী অভিষেক বলেন, “অনেক প্রার্থী রুমে আসেন। একজন বের হতেই দুই মিনিটের মধ্যে আরেকজন চলে আসে। ঠিকমতো পড়াশোনা করা যায় না। শুধু আমি না, অনেকের এমন সমস্যা হচ্ছে। তাই কেউ কেউ দরজায় এই ধরনের নোটিশ টাঙিয়ে রেখেছেন। আবার কেউ মজা করেও লিখে রেখেছেন।”

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।