খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 11শে শ্রাবণ ১৪৩২ | ২৬ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
গাইবান্ধায় ডাকাতির উদ্দেশ্যে ফেলে রাখা গাছের সঙ্গে ধাক্কা লেগে আমবোঝাই থ্রি-হুইলার পিকআপ উল্টে হেলপার সাকিবুল ইসলাম (১৪) নিহত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া-পাঁচবিবি সড়কের শাইলট্রি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয় চালক মেহেদী হাসান (১৬)।
নিহত সাকিবুল নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের বাসিন্দা। তার বাবা সেলিম মিয়া কয়েক বছর আগে মারা যান। আহত চালক মেহেদী একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জের বৈরাগীর হাট তদন্তকেন্দ্র সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাতদল সড়কের পাশে থাকা একটি গাছ কেটে রাস্তায় ফেলে রাখে। সেই সময় পাঁচবিবির দিক থেকে আসা আমবোঝাই থ্রি-হুইলারটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে হাসপাতালে পাঠায়। জানা যায়, পিকআপটি নওগাঁর পত্নীতলা থেকে আমবোঝাই করে রংপুরের উদ্দেশে রওনা হয়েছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পর শনিবার (২৬ জুলাই) থানায় একটি মামলা দায়ের হয়েছে।
খবরওয়ালা/এফএস