খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 15শে শ্রাবণ ১৪৩২ | ৩০ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে রাতারাতি নির্মাণ করা হয়েছে একটি রাস্তা।
সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে বৃষ্টির মধ্যেই উপজেলার প্রধান সড়কসংলগ্ন এ বিদ্যালয় মাঠে ইট-বালুর এই রাস্তা তৈরি করা হয়।
জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ডিসি ফরিদা খানম বিদ্যালয়ের ‘জয়ন্তী কর্নার’ ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং এক আলোচনা সভায় অংশ নেন। যদিও বিদ্যালয়ের প্রধান ফটকটি সরাসরি সড়কের সঙ্গে সংযুক্ত, তবে তার গাড়িকে যেন কাদার মধ্য দিয়ে যেতে না হয়, সে জন্যই রাতে দ্রুত এই রাস্তাটি নির্মাণ করা হয়।
ঘটনার পর সকালে বিদ্যালয়ে এসে নতুন রাস্তা দেখে অনেক শিক্ষার্থী বিস্ময় প্রকাশ করে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ বলেন, ‘মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। রাস্তাটি আমরা করিনি, তারা (প্রশাসন) করেছে। আপনারা আমার স্কুলকে কালারিং করবেন না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাণশ্রমিক জানান, ‘সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ৩৩ জন শ্রমিক এই রাস্তাটির নির্মাণকাজ করেন। এতে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।’
তবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম এ বিষয়ে বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল বলেই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এটি মাঠের মাঝখানে নয়, পাশ দিয়ে করা হয়েছে। কাজটি প্রজেক্টের আওতায় হয়েছে, কোনো ব্যয় হয়নি।’
এ নিয়ে স্থানীয়দের অনেকে প্রশ্ন তুলেছেন—শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াতে দীর্ঘদিন কোনো পদক্ষেপ না নেওয়া হলেও, একজন কর্মকর্তার আগমনে একরাতেই রাস্তা তৈরির উদ্যোগ কীভাবে সম্ভব হলো।
খবরওয়ালা/এসআই