খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ই জুলাই ২০২৫, ৬:৪৭ পিএম
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা (১০) ও একই এলাকার এখলাস মিয়ার মেয়ে মায়মুনা (৯)। সাইফা স্থানীয় দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং মায়মুনা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও নিহত শিশুদের স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবরওয়ালা/এন
মন্তব্য