খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে ফেসবুকে যে প্রচার সেটি সঠিক নয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদেরকিছু কিছু নেতা বা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখছেন যে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন-এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের দল বিএনপির অবস্থান নয়। এই কথাটা আপনাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম।
রুহুল কবির রিজভী বলেন, এখন একটি অন্তবর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা এবং তার সঙ্গে আরও কিছু আনুসঙ্গিক কাজ আছে, বিভিন্ন সংস্কার আছে, যেটা প্রয়োজনীয় সংস্কার যেটি যে সময় করার কথা সেই সময় করা সম্ভব। কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে যে, দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের ১৮ বছর বয়স, যাদের একুশ বছর বয়স তারা কেউ ভোট দিতে পারেনি, ভোট কী তারা জানে না। কারণ ১৭ বছর ভোট হয়েছে আপনার চতুস্পদজন্তু দিয়ে ভোট কেন্দ্রে দিনের ভোট রাত্রে করেছে। গণতন্ত্রকে ধবংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে। এগুলো থেকে উত্তরণে ঘটিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন এটা নিশ্চিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব।
রিজভী বলেন, আগে স্থানীয় সরকার নাকি পরে জাতীয় সংসদ নির্বাচন- এই বির্তকে আমার মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের অংশ নেওয়া উচিত নয়। বরং এই সরকারকে প্রথমেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তাদের নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে যে, স্থানীয় সরকার নির্বাচন না অন্যান্য নির্বাচন কখন হবে। আপনারা দেখেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চট্টগ্রাম সিটি নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী জিতেছেন, সিলেটে বদরউদ্দিন আহমেদ কামরান জিতেছেন, ঢাকা সিটি করপোরেশনে মোহাম্মদ হানিফ জিতেছেন। বিএনপির সময়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করায় বিরোধীরা জিতেছেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাবস্থায় সেটা হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, আমিনুল হক, ইশরাক হোসেন, মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
খবরওয়ালা/এমবি