তালাক না দিয়েই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
সোমবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে শুনানির সময় তারা বলেন, তারা কোনো অপরাধ করেননি। একই সঙ্গে আদালত মামলার সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১১ আগস্ট নির্ধারণ করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান গণমাধ্যমকে জানান, আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং তারা পরবর্তী তারিখে নিজেদের পক্ষে জবানবন্দি দেবেন।
শুনানিকালে নাসির ও তামিমা দুজনেই আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান ঢাকার আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকাকালে তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও আইনি দিক থেকে অবৈধ।
ঘটনার তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তামিমা, নাসির এবং তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে আদালত পরে তামিমার মা সুমিকে মামলা থেকে অব্যাহতি দেন।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ পর্যন্ত মামলায় মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
খবরওয়ালা/এমএজেড



