ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও গোপন বৈঠকে অংশ নিয়েছেন। সোমবার (১২ মে) দুপুরে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদি। এতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং ভারতীয় সেনাবাহিনীর তিন শাখার প্রধানরা—জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (স্থল), অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি (নৌ) এবং এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং (বিমান)।
এ ছাড়াও বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী, আইবি প্রধান তপন ডেকা এবং র ‘র (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) প্রধান রবি সিনহা।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা কয়েকদিনের সংঘর্ষে রূপ নেয়। সম্প্রতি যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি সই হলেও, এর মাত্র দুই দিনের মাথায় প্রধানমন্ত্রীর এই জরুরি বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে মোদির ডাকা এই বৈঠকে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই দিন ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানদের মধ্যে উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
সূত্র: এনডিটিভি
খবরওয়ালা/আরডি



