খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ই আগস্ট ২০২৫, ১:৩ পিএম
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দেওয়ার ৪০ ঘণ্টা পর নীরব রায় উৎস (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ সোমবার (২৫ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নীরব রায় নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে এবং রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে নীরব তার সাত বন্ধু মিলে দ্বিতীয় তিস্তা সেতুতে ঘুরতে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে নীরব ও তার দুই বন্ধু সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। তার দুই বন্ধু উঠে এলেও নীরব নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তল্লাশি শুরু করে।
আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুরে আনা হয় এবং পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাস্টার) আব্দুল মান্নান বলেন, “নিখোঁজের খবর পাওয়ার পর থেকে আমাদের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছিল। আজ সকালে দ্বিতীয় তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে নিহতের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য