থানার সামনেই নারীর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানা এলাকায় রিকশায় বসা এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাগে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা মিলিয়ে প্রায় পৌনে চার লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে পাঁচলাইশ থানার সামনে বেলভিউ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী বেবী আক্তার ও তার স্বামী নুরুল আবচার থানায় গিয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাত দুই যুবককে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলার পদুয়া থেকে চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে মেয়ের বাসায় এসেছিলেন বেবী আক্তার ও তার স্বামী নুরুল আবচার। এর মধ্যে তাদের একমাত্র মেয়ে একটি দুর্ঘটনায় আহত হয়ে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন। মেয়ের সিটি স্ক্যান করানোর সময় দুই জোড়া স্বর্ণের কানের দুল, ডায়মন্ডের নাক ফুল, গলার চেইনসহ অন্যান্য স্বর্ণালঙ্কার খুলে মেয়ের ভ্যানিটি ব্যাগে রাখা হয়। নিরাপত্তার কথা ভেবে সেই ব্যাগটিও নিজের ব্যাগের ভেতরে নিয়ে সাথে রেখেছিলেন বেবী আক্তার।

একইদিন রাতে ন্যাশনাল হাসপাতালে ডাক্তার দেখিয়ে মেয়ের কাছে ফেরার পথে পাঁচলাইশ মডেল থানার সামনে হঠাৎ ছিনতাইয়ের শিকার হন তিনি। এসময় তিনি ও তার স্বামী চিৎকার করলেও আশপাশ থেকে কেউ এগিয়ে আসেনি। ছিনতাইকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৬ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে একইদিন একই সময়ে নগরীর দুই নং গেইট এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন আরেকজন বিশ্ববিদ্যালয় ছাত্রী। টেম্পুতে চড়ে বাসায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ছোঁ মেরে আইফোন-১৬ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ বিষয়েও পাঁচলাইশ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পাঁচলাইশ মডেল থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঘটনার পর ভিকটিম থানায় এসেছিলেন। আমরা মামলা নিয়েছি। এসআই তামজিদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. তামজিদ হোসাইন জানান, ‘মামলা নিয়ে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। আগামীকাল মামলার বাদী নুরুল আবচারকে থানায় আসতে বলেছি। তার সঙ্গে কথা বলে ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ শুরু করা হবে।’

 

খবরওয়ালা/শরিফ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।