খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫
সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এবং তাঁর দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিফ শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক মো. আল আমিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, শামসুল হক টুকু ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ভোগ করছেন। বিষয়টি বর্তমানে দুদকের অনুসন্ধানে রয়েছে।
আবেদনে আরও বলা হয়, শামসুল হক টুকু বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তবে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একইভাবে, তাঁর দুই ছেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। যদি তারা বিদেশে পালিয়ে যান, তবে তাদের বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম বিঘ্নিত হবে এবং অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা কঠিন হয়ে পড়বে।
তাঁদের জাতীয় পরিচয়পত্র ব্লকের যৌক্তিকতা ব্যাখ্যা করে বলা হয়, এনআইডি ব্যবহার করে তারা স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, বিক্রি কিংবা স্থানান্তরের চেষ্টা করতে পারেন। সেই ঝুঁকি রোধ করতেই এনআইডি ব্লক করা জরুরি।
আদালত আবেদনের পক্ষে রায় দিয়ে শামসুল হক টুকু ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লকের আদেশ দেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিচ্ছে।
খবরওয়ালা/আরডি