দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় আটক

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয়রা দুই ভারতীয় কৃষককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সোপর্দ করেছে।

শুক্রবার (২ মে) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের আওতাধীন মল্লিকপুর কারুলিয়াপাড়া এলাকায়, ৩২০/৯ এস সীমান্ত পিলারসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশি নাগরিক হলেন—ধর্মজৈন এলাকার ইসরাইলের ছেলে এনামুল হক (৪৫) এবং বনগাঁও এলাকার এনামুলের ছেলে মো. মাসুদ রানা (২২)।

অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিক হলেন ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেন (৩০)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে মাসুদ ও এনামুলসহ কয়েকজন কৃষক বাংলাদেশ অংশের সীমান্ত এলাকায় ধান কাটছিলেন। পরে তারা পাশের একটি ভারতীয় জমিতে ধান মাড়াই করছিলেন বলে জানা যায়। এ সময় বিএসএফ সদস্যরা হঠাৎ এসে ওই দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। এরই জেরে, কারুলিয়াপাড়া গ্রামের কিছু বাসিন্দা ভারতীয় দুই কৃষককে আটক করে স্থানীয় কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রহমানের মাধ্যমে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘সীমান্তে ধান কাটার সময় বিএসএফ দুই বাংলাদেশি নাগরিককে তুলে নেয়। পরবর্তীতে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আমরা ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।’

সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পতাকা বৈঠক শেষে দুই দেশের নাগরিকদের বিনিময়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।