দুই যুগে হয়নি শ্রদ্ধা নিবেদন;অবহেলায় পড়ে রয়েছে শহীদ মিনার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুই যুগ আগে নির্মাণ করা হলেও অবস্থিত শহীদ মিনারটি কখনো শ্রদ্ধা নিবেদন বা ফুলের পুষ্পার্ঘ্য পায়নি। অবহেলা আর অযত্নে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই মিনারটি।

জানা গেছে, ২০০১ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা পরিষদের পূর্ব দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দুইটি বিশাল পুকুর ভরাট করা হয়। এরপর সেখানে একটি স্মৃতিসৌধ এবং শহীদ মিনার নির্মাণ করা হয়। বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলেও, এই শহীদ মিনারে দুই যুগে একবারও শ্রদ্ধা নিবেদন হয়নি।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, শহীদ মিনারের প্রধান ফটকটি তালাবদ্ধ রয়েছে এবং দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা না হওয়ায় চারপাশে জমে রয়েছে ময়লার স্তূপ।

স্থানীয় বাসিন্দা শোভন সাহা বলেন, “প্রতিবছর ২১ ফেব্রুয়ারি দেশের সব শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। তবে এই মিনারে কেউ ফুল দিতে বা শ্রদ্ধা জানাতে আসে না। আমি কখনো স্থানীয় প্রশাসনকে এ মিনারটির বিষয়ে কোনো উদ্যোগ নিতে দেখিনি।”

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের এক শিক্ষক জানান, “এই শহীদ মিনারের অবস্থা দুই যুগ ধরে একই রকম। আমরা কলেজ চত্বরে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, কিন্তু এই মিনারটির দিকে কোনো দৃষ্টি দেওয়া হয়নি।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেদারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি এবং শহীদ মিনারের বিষয়ে আমি জানতাম না। তবে আমি খোঁজ নিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবো।”

এভাবে, ঝিনাইদহের কালীগঞ্জের এই অবহেলিত শহীদ মিনারটি দুই যুগ ধরে উপেক্ষিত হয়ে পড়ে থাকলেও, কর্তৃপক্ষের সদিচ্ছা ও উদ্যোগে এর যথাযথ মর্যাদা ও সংরক্ষণে আশাবাদী স্থানীয়রা।

সূত্র: ক.কন্ঠ

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।