খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১৮ আসামির রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
রবিবার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর রায় ঘোষণার এই দিন ঠিক করেন।
মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— শেখ রেহানা ও তার মেয়ে, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, তার আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
সরকারি কর্মকর্তাদের মধ্যে আসামির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান এবং হাবিবুর রহমান।
এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনও মামলার আসামির তালিকায় রয়েছেন।