দুর্গাপূজার আগে কলকাতায় পৌঁছালো পদ্মার ইলিশ

দুর্গাপূজার আগে কলকাতার বাজারে পৌঁছালো বাংলাদেশের ইলিশ মাছ। ইলিশ পেয়ে খুশি হলেও আকাশ ছোঁয়া দামের কারণে কিছুটা চিন্তিত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) ভোরে কলকাতার পাইকারি বাজারের হাত ধরে খুচরা বাজারে পৌঁছায় বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। প্রথম দিনে দাম তুঙ্গে, তাই কলকাতা ও শহরতলীর ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের মধ্যে পদ্মার ইলিশের চাহিদা ছিল তুলনামূলক কম। 

পদ্মার ইলিশ কলকাতার বাজারে পৌঁছাতেই ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কলকাতায় পদ্মার ইলিশের বাজার নষ্ট করছে গুজরাটের ইলিশ। যে বাঙালি একবার ৫০০-৬০০ রুপির ইলিশ খেয়েছে সে সহজেই ১৭০০-২০০০ রুপির ইলিশ কিনবে না।

প্রথম দফায় মঙ্গলবার রাতে ৮টি ট্রাকে ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ বেনাপোল সীমান্ত দিয়ে ভারত আসে। বৃহস্পতিবার সেই ট্রাক পৌঁছায় হাওড়ার পাইকারি বাজারে। এদিন সকাল থেকেই কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরা মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন। তবে প্রথম দিনের পাইকারি দামে হতাশ খুচরা ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, প্রথমদিন পাইকারি বাজারে যে বাজারদর দেখছেন তাতে  ৭০০ গ্রাম থেকে ১ কেজির ইলিশের দাম ১৫০০-১৭০০ রুপি। ১ কেজির বেশি ওজন হলে ১৮০০ থেকে ২০০০ রুপির মধ্যে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এই দাম বেশ কিছুটা বাড়বে। তবে এই দাম চূড়ান্ত নয়।

ইলিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ মাকসুদ আনোয়ার বলেন,  বাংলাদেশে ইলিশের ল্যান্ডিং কম। তাই ইলিশ আমদানি পর্যাপ্ত পরিমাণে করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে গুজরাটের ইলিশ এবার ক্রেতাদের বিকল্প অপশন। ফলে যোগান ও চাহিদার উপর নির্ভর করে ইলিশের দাম বাড়তে ও কমতে পারে।

এই ব্যবসায়ী আরও জানান, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ১২০০ মেট্রিক টন আমদানির অনুমতি দিলেও ৫ অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি করবে দেশটি। এত অল্প দিনে ৫০০ মেট্রিক টনের বেশি ইলিশ হয়তো তারা আমদানি নাও করতে পারে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।