শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংক থেকে আব্দুল করিম ভূঁইয়া (৫২)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট খরমপুর মাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন করিম ভূঁইয়া। এরপর তিনি নিখোঁজ হন। পরিবার খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ১৬ আগস্ট বড় ভাই আমির হোসেন ভূঁইয়া দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

এর এক মাস পর বুধবার রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে জানান, করিমকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ লুকিয়ে রেখেছে। খবর পেয়ে পুলিশ করিমের শ্বশুরবাড়িতে গিয়ে সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে।

ঘটনার পর নিহতের স্ত্রী তাসলিমা আক্তার, দুই ছেলে তানভির ও তৌহিদ এবং দুই শ্যালক মোজ্জামেল ও ইসরাফিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “ফোনের সূত্র ধরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও স্বজনদের আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”

নিহতের ভাই আমির হোসেন ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।