দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের এসব শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হবে। ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগের সই করা একটি স্মারকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট প্রান্তিকে এ অনুদান পেতে অনলাইনে আবেদন করতে হবে আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী শুধুমাত্র একবারই এ অনুদানের জন্য আবেদন করতে পারবে। তবে শর্ত হলো, দুর্ঘটনার সময়কাল অবশ্যই চলতি অর্থবছরের (২০২৫-২৬) মধ্যে অথবা সর্বোচ্চ এক বছরের মধ্যে হতে হবে।
আর আবেদন করতে হবে https://www.eservice.pmeat.gov.bd/medical ঠিকানায় গিয়ে ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এ প্রবেশ করে।

নির্দেশনা অনুযায়ী, আবেদনের সঙ্গে শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রত্যয়ন, চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ নির্ধারিত ফরম পূরণ করে আপলোড করতে হবে।

এছাড়া শিক্ষার্থী কিংবা তার পিতা-মাতার নিজস্ব ব্যাংক হিসাব নম্বর আবেদনপত্রে উল্লেখ করা বাধ্যতামূলক। অন্য কারো ব্যাংক হিসাব নম্বর গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

তবে, অনলাইনে আবেদন করতে গিয়ে যদি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকায় না পাওয়া যায়, তবে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে লিখে ডাকযোগে অথবা ইমেইলে (ad.stipend@pmeat.gov.bd) পাঠাতে হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর।

প্রসঙ্গত, ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসারে এ অনুদান দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।