নড়াইল-যশোর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত বেড়ে ৩

নড়াইল-যশোর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন এবং শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর। নিহত আবু জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী আক্তার হোসেন নিহত হন।

গুরুতর আহত অবস্থায় এসআই নিক্কন আঢ্য ও আবু জাফরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আবু জাফরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, এসআই নিক্কন আঢ্য বাংলাদেশ পুলিশের ৩৭ ব্যাচের আউটসাইড ক্যাডেট হিসেবে যোগ দেন। এর আগে তিনি র‍্যাবে কর্মরত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগ দেন। রবিবার তিনি মুন্সিগঞ্জ আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।