চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে আনন্দের স্মৃতি নিয়ে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই দুই তরুণ উদীয়মান প্রাণের বিদায়ে তাদের পরিবার ও পুরো এলাকায় চরম শোকের ছায় নেমে এসেছে।
দুর্ঘটনায় নিহত দুই তরুণের নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)। তারা দুজনই স্থানীয় মঘাদিয়া ইউনিয়নের বাসিন্দা। শুভ মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুভ ও ওমর একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা দুজনেই পড়াশোনার পাশাপাশি আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। নিজেদের উপার্জিত অর্থ ও জমানো স্বপ্ন নিয়ে শুক্রবার রাতে শুভ তার বন্ধু ওমরকে সাথে করে নতুন একটি মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বারৈয়ারহাট বাজারে যান। পছন্দের বাইক কিনে বাড়ি ফেরার পথেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা।
তারা যখন মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি মোটরসাইকেলটিকে সরাসরি সজোড়ে ধাক্কা দেয়। বিকট শব্দে দুজনই ছিটকে পড়েন রাস্তায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই শুভ প্রাণ হারান। অন্যদিকে রক্তাক্ত ও গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। তবে হাসপাতালের পৌঁছানোর পথেই তারও মৃত্যু হয়।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ এবং ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, নতুন বাইক কেনার আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার আগেই সব শেষ হয়ে গেল। এক মুহূর্তের দুর্ঘটনা দুই পরিবারের সমস্ত স্বপ্নকে এক নিমেষে চুরমার করে দিল।
দুর্ঘটনার বিস্তারিত নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল ও লরির সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পুলিশ তাৎক্ষণিকভাবে পায়। খবর পাওয়ার পরই পুলিশের একটি টিম ও বিশেষ ফোর্স পাঠানো হয় ঘটনাস্থলে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘাতক লরি ও দুর্ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


