৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদে মনোনীত প্রার্থীদের জন্য নিয়োগসংক্রান্ত নির্দেশনা ও শর্তাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৭ নভেম্বর কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
মনোনীত প্রার্থীদের জন্য নির্দেশনা ও শর্তাবলি:
১। নিয়োগের পূর্বে নিয়োগকারী দপ্তর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর জমা দেওয়া সনদ, কাগজপত্র ও সংশ্লিষ্ট ডকুমেন্টসের সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
২। সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে কেউ যদি আবেদনপত্রে জেনে–শুনে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করেন, প্রয়োজনীয় তথ্য গোপন করেন, টেম্পারিং করেন, জাল সনদ জমা দেন অথবা বয়স ও শিক্ষাগত যোগ্যতার সনদ কিংবা প্রবেশপত্রে টেম্পারিং বা প্রতারণার আশ্রয় নেন, কিংবা কোনো গুরুতর অসম্পূর্ণতা পরিলক্ষিত হয়—তাহলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। এ ছাড়া বর্ণিত অপরাধে জড়িত প্রার্থীকে প্রয়োজনে ফৌজদারি আইনে সোপর্দ করা যেতে পারে। এমনকি নিয়োগের পর এসব তথ্য প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৩। মনোনীত প্রার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত ঘোষিত হওয়া এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক্-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই সম্পন্ন হওয়ার পর সরকার কর্তৃক নিয়োগ পাবেন।
৪। প্রকাশিত মনোনয়নে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।
৫। ফলাফল কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের আওতাধীন নন-ক্যাডার পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। বিভিন্ন নন-ক্যাডার পদে মোট ৫৬৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ৯ম গ্রেডে ৪৮৫ জন এবং ১০ম গ্রেডে ৬০ জনকে সুপারিশ করা হয়েছে।
খবরওয়ালা/এসএস



