নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন-ক্যাডার শূন্য পদের সংখ্যা প্রায় এক লাখ ৭২ হাজারটি। সরকারি চাকরিতে এতো বিপুলসংখ্যক পদ খালি থাকলেও সে সব শূন্য পদে নিয়োগে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এ অবস্থায় মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দপ্তর/সংস্থাগুলোতে ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (১৫ মার্চ) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন-ক্যাডার শূন্য পদের সংখ্যা প্রায় এক লাখ ৭২ হাজারটি। এর মধ্যে ৪৩তম থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার (৯ম-১২তম গ্রেড) ৬ হাজার ২৬৯টি পদে নিয়োগে ইতোমধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অধিযাচন পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২ ডিসেম্বরের একটি স্মারকে সব মন্ত্রণালয়/বিভাগ ও অধীন দপ্তর/সংস্থার শূন্যপদ পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হলেও গৃহীত পদক্ষেপ সন্তোষজনক মর্মে প্রতীয়মান হয় না।

‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু, বর্ণিত তথ্যমতে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না’ বলে জানানো হয় চিঠিতে।

এ অবস্থায় ‘ছক’ মোতাবেক আগামী সাত কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংক এবং সকল মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্থ দপ্তর/সংস্থার নন-ক্যাডার (৯ম-১২তম গ্রেড) শূন্য পদগুলোর তথ্য (ওয়ার্ড ফাইলসহ) পাঠানোর জন্য অনুরোধ জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।