নবদম্পতির কাঁধে জোয়াল তুলে হালচাষ!

প্রেম করে বিয়ে করায় নবদম্পতিকে গরু বা বলদের মতো করে কাঁধে জোয়াল তুলে দিয়ে হালচাষ করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার রায়গড়া জেলায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

স্থানীয় সূত্রে খবর, রায়গড়ার কাঞ্জামাঝিরা গ্রামের বাসিন্দা দুই যুবক-যুবতী অনেক দিন ধরে প্রেম করতেন। সম্প্রতি তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে যান গ্রামবাসীরা। তাদের দাবি, গর্হিত কাজ করেছেন ওই দুজন।

কারণ, তরুণী যাকে ভালোবেসে বিয়ে করেছেন সেই যুবক তার দূরসম্পর্কের ফুফাতো ভাই। 
   এই বিয়েকে ‘পাপ’ বলে নবদম্পতিকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয় ধানের ক্ষেতে। তাদের ঘাড়ে জোয়াল তুলে দেওয়া হয়। এরপর তাদেরকে দিয়ে হালচাষ করানো হয়।

এতজনের রোষের মুখে সেটাই করতে বাধ্য হন নবদম্পতি। কিন্তু এখানেই ‘শাস্তি’ শেষ হয়নি। স্বামী-স্ত্রী যখন হাল টানছেন, তখন পিছন থেকে তাদের ছড়ি দিয়ে মারতে দেখা যায় কয়েকজনকে।

হালচাষ করানোর পরে দম্পতিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি মন্দিরে। গ্রামবাসীর দাবি, এই বিয়ে করে যে পাপ করেছেন তারা, তার প্রায়শ্চিত্ত করার জন্য তাদের অনেক কিছুই সইতে হবে।

পরে দুজনের ‘শুদ্ধিকরণ’ হয় মন্দিরে। ওই ঘটনার ভিডিও এবং খবর ছড়িয়ে পড়ার পর শোরগোল পড়ে ওড়িশার প্রশাসনের ভেতরে। ঘটনাস্থলে যায় পুলিশ। 

শুক্রবার রায়গড়ার জেলা পুলিশ সুপার এস স্বাতী কুমার জানান, পুলিশ ওই গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলাও দায়ের করেছেন তারা। কারা এই ঘটনা ঘটানোর নেপথ্যে রয়েছেন, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।