খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫
শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে অংশ নিলে ছাত্রত্ব বাতিলের হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর এ জে এম নূর-ই-আলমকে সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
২৯ জুলাই (শুক্রবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আজিবার রহমান জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় গঠিত পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষক চাকরি বিধিমালা ধারা-৮ অনুযায়ী নূর-ই-আলমকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত মঙ্গলবার থেকেই কার্যকর।
অভিযোগ ওঠা অডিওতে নূর-ই-আলমকে এক শিক্ষার্থীকে জুলাই আন্দোলনে যোগ দিলে ছাত্রত্ব বাতিলের হুমকি দিতে শোনা যায়। তবে তিনি অডিওটিকে ‘এডিট করা’ বলে দাবি করেছেন।
অডিও প্রকাশের পর সোমবার রাতে শিক্ষার্থীরা ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং তার অপসারণের আলটিমেটাম দেয়। পরদিন উপাচার্যের আদেশে তাকে সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে বহিষ্কৃত নূর-ই-আলম দাবি করেন, আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। বৃহস্পতিবার বিকেলে ই-মেইলে ১১টি অভিযোগের জবাব দিতে মাত্র দুই ঘণ্টা সময় দেওয়া হয়। তিনি সময় বাড়ানোর আবেদন করলেও শুক্রবার সকাল ১০টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এ বহিষ্কারকে অন্যায্য দাবি করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মকসুদুর রহমান জানান, নূর-ই-আলমকে সময় দেওয়া হলেও তিনি বক্তব্য দেননি। বিশেষ পরিস্থিতির কারণে সিদ্ধান্ত দ্রুত নিতে হয়েছে।
ভারপ্রাপ্ত উপাচার্য আনসার উদ্দীন বলেন, “আমরা মবের জন্য একটু তাড়াহুড়া করেছি। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ঘোষণা দিতে হয়েছে।”
খবরওয়ালা/আশ