নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৫২, আহত কমপক্ষে ৩০

নাইজেরিয়ার মালভূমি রাজ্যে ভয়াবহ সহিংসতায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) রেড ক্রিসেন্টের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। দেশটির মধ্যাঞ্চলের এই রাজ্যটি আন্তঃসাম্প্রদায়িক সংঘাত ও জমি বিরোধের কারণে দীর্ঘদিন ধরেই সহিংসতার জন্য পরিচিত।

স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) রাতে মালভূমি রাজ্যের বাসসা এলাকার জিকে এবং কিমাকপা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। এছাড়া হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টি বাড়িঘরে আগুন লাগানো হয়েছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৪। সংস্থাটি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে জানিয়েছে, হামলার ফলে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রাজ্যটির রাজধানী জোস থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এসব গ্রামে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০০ জন সশস্ত্র ব্যক্তি পুরো গ্রাম ঘিরে গুলি ছুড়েছে। জাইক এলাকার বাসিন্দা ডোরকাস জন বলেন, “অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা এসে সব জায়গায় গুলি চালিয়েছে।”

এর আগে চলতি মাসেই রাজ্যের বোক্কোস এলাকায় পৃথক হামলায় আরও ৫২ জন নিহত হন।

দুই সপ্তাহের মধ্যে শতাধিক প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট বোলা টিনুবু তদন্তের নির্দেশ দিয়েছেন। মালভূমি রাজ্যে প্রায়ই মুসলিম ফুলানি পশুপালক ও খ্রিস্টান কৃষকদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দেয়, যা অনেক সময় ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল উপস্থিতির কারণে এসব সহিংসতা আরও মারাত্মক রূপ নিচ্ছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।