খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘উইকড : ফর গুড’-এর প্রিমিয়ার ১৩ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে এক ভক্ত নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ এসে আরিয়ানাকে জড়িয়ে ধরেন। তবে পরে ওই ব্যক্তি আইনের আওতায় আসে।
সিঙ্গাপুরের আদালত তাকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে। জড়িয়ে ধরা ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক, নাম জনসন ওয়েন, বয়স ২৬। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আরিয়ানা লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন, তখন জনসন ওয়েন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন।
জনসন ওয়েন আরিয়ানার গলায় হাত রাখার সঙ্গে সঙ্গে সিন্থিয়া এরিভো ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তারক্ষীদের সাহায্যে তাকে থামানো হয়। অনুষ্ঠানস্থলে তখন উত্তেজনা সৃষ্টি হয়। দেখা যায়, হতবাক আরিয়ানাকে সহশিল্পীরা সান্ত্বনা দিচ্ছেন। সামাজিক মাধ্যমে এই ঘটনা দ্রুত ভাইরাল হয়।
জানা যায়, তারকাদের অনুষ্ঠানে অনুপ্রবেশের ইতিহাস জনসন ওয়েনের জন্য নতুন নয়। এর আগে, তিনি কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও মঞ্চে উঠে পড়েছিলেন।
বিবিসি নিউজ জানিয়েছে, ১৭ নভেম্বর সিঙ্গাপুরের একটি আদালত জনসন ওয়েনকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে। আদালত উল্লেখ করেছে, প্রিমিয়ারে তিনি দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন, পরে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। পরদিন তাকে গ্রেপ্তার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয়। জনসন ওয়েন আদালতে দোষ স্বীকার করে জানান, তিনি ‘আর কখনো এমন কাজ করবেন না।’
এ বিষয়ে এখনও আরিয়ানা গ্র্যান্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। ২০১৭ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে তার কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ দর্শক নিহত হন।
আগামী ২১ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ফ্যান্টাসি-ধর্মী মিউজিক্যাল ছবি ‘উইকড : ফর গুড’। এতে আরিয়ানার পাশাপাশি অভিনয় করেছেন সিন্থিয়া এরিভো, জেফ গোল্ডব্লাম প্রমুখ। পরিচালনা করেছেন জন এম চু।
খবরওয়ালা/টিএসএন