নারায়ণগঞ্জে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে জুয়েল মিয়া (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় ঘটেছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুয়েল মিয়া গাইবান্ধার সাদুল্লাপুরের ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি পেশায় দর্জি শ্রমিক ছিলেন। আহত মোহাম্মদ আরিফুর (২০) একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাস্তা পারাপারের সময় ময়দা ও আটাবোঝাই দুটি ট্রাকের মাঝখানে জুয়েল মিয়া ও আরিফুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেন, যেখানে চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আরিফুরের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে দুই ট্রাকের চালক পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।