নারীর ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে বিগলিত বৃদ্ধ, হারালেন ৯ কোটি রুপি

ভারতের মুম্বাইয়ে ৮০ বছরের এক বৃদ্ধে কাছ থেকে ৭৩৪টি অনলাইন লেনদেনের মাধ্যমে প্রায় ৯ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন চারজন নারী। সম্ভবত তাঁরা একজনই। ভালোবাসা ও সহানুভূতির নামে প্রায় দুই বছর ধরে তাঁর সঙ্গে চলে এই প্রতারণা।

২০২৩ সালের এপ্রিলে ওই বৃদ্ধ ফেসবুকে শারভি নামের এক নারীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। তাঁরা আগে একে অপরকে চিনতেন না। রিকোয়েস্টটি গ্রহণ করা হয়নি। কয়েক দিন পর শারভির অ্যাকাউন্ট থেকে ওই বৃদ্ধ ফ্রেন্ড রিকোয়েস্ট পান, যা তিনি গ্রহণ করেন।

এরপর তাঁরা চ্যাট শুরু করেন এবং কিছুদিনের মধ্যে ফোন নম্বরও বিনিময় হয়। ফেসবুক থেকে চ্যাট চলে যায় হোয়াটসঅ্যাপে। শারভি ওই বৃদ্ধকে জানান, তিনি স্বামীর সঙ্গে থাকেন না, সন্তানদের নিয়ে থাকেন। একটা সময় পর তিনি তাঁর সন্তানদের অসুস্থ কথা বলে ওই বৃদ্ধের কাছ থেকে টাকা চাইতে শুরু করেন।

কিছুদিন পর হোয়াটসঅ্যাপে কবিতা নামের আরও এক নারী ওই বৃদ্ধকে মেসেজ পাঠানো শুরু করেন। নিজেকে শারভির পরিচিত বলে পরিচয় দিয়ে জানান, তিনি ওই বৃদ্ধের সঙ্গে বন্ধুত্ব করতে চান। কিছুদিনের মধ্যে তিনি অশ্লীল বার্তা পাঠাতে শুরু করেন এবং টাকা চাইতে থাকেন।

সে বছরের ডিসেম্বরে দিনাজ নামের আরও এক নারী বৃদ্ধকে মেসেজ পাঠান। তিনি নিজেকে শারভির বোন বলে পরিচয় দেন এবং জানান, শারভি মারা গেছেন। এরপর তিনি হাসপাতালের বিল পরিশোধের জন্য বৃদ্ধের কাছ থেকে টাকা চান। শারভি ও বৃদ্ধের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পাঠিয়ে দিনাজ টাকা আদায় করতে থাকেন। বৃদ্ধ টাকা ফেরত চাইলে আত্মহত্যার হুমকি দেন দিনাজ।

এখানেই শেষ হয়নি বৃদ্ধের দুর্ভোগ। কিছুদিন পর জেসমিন নামের এক নারী তাঁকে মেসেজ পাঠানো শুরু করেন। তিনি নিজেকে দিনাজের বন্ধু বলে দাবি করে সাহায্যের অনুরোধ জানান। বৃদ্ধ তাঁকেও টাকা পাঠান।

২০২৩ সালের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ওই বৃদ্ধ ৭৩৪টি লেনদেনের মাধ্যমে এই চার নারীর পেছনে ৮ দশমিক ৭ কোটি রুপি খরচ করেন।

সব সঞ্চয় শেষ হয়ে গেলে ওই ব্যক্তি তাঁর পুত্রবধূদের কাছ থেকে ২ লাখ রুপি ধার নেন ওই নারীদের দেওয়ার জন্য। তাতেও টাকা চাওয়া থামেনি। পরে তিনি তাঁর ছেলের থেকে ৫ লাখ রুপি চান। ছেলের সন্দেহ হলে বাবাকে প্রশ্ন করেন। বৃদ্ধ সব খুলে বলেন।

একপর্যায়ে বৃদ্ধ বুঝতে পারেন, সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ডিমেনশিয়া (স্মৃতিক্ষয়) হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।