অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
জয়পুরহাটের আক্কেলপুরে দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে মারধর করে একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমারের কয়েল লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত দুই নিরাপত্তাকর্মী বুলু সরদার (৭০) ও সামাদ মণ্ডল (৫০) বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) রাতে আক্কেলপুর উপজেলার কাদোয়া বটতলী মাঠে প্রবাসী খাইরুল ইসলামের মালিকানাধীন একটি গভীর নলকূপে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা নলকূপের দুই নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করে।
পরে দুর্বৃত্তরা নলকূপে স্থাপিত ১০ কেভিএ ট্রান্সফরমারের ভেতর থেকে তামার কয়েল খুলে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে গিয়ে নিরাপত্তাকর্মীদের বাঁধা অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গভীর নলকূপের দায়িত্বপ্রাপ্ত সানাউল ইসলাম বলেন, ‘নিরাপত্তাকর্মীদের ব্যাপক মারধর করে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল খুলে নিয়ে গেছে। বর্তমানে নিরাপত্তাকর্মীদের চিকিৎসা চলছে।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘ঘটনাটি আমরা জেনেছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’
খবরওয়ালা/শরিফ