নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী।বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে চৌমুহনী রেললাইন সড়ক থেকে শুরু হওয়া এ মিছিলটি শহরের ব্যস্ত এলাকায় কয়েকশ গজ অতিক্রম করে।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাব। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলটি সরাসরি সম্প্রচার (লাইভ) করেন।
স্থানীয় বাসিন্দা ও ফেসবুক ভিডিও পর্যালোচনায় জানা গেছে, মিছিলটি চৌমুহনী রেলস্টেশন এলাকার রেললাইনের পশ্চিম পাশের সড়ক দিয়ে রেলগেট হয়ে শহরের ফেনী-চৌমুহনী মহাসড়কে ওঠে। মিছিলকারীদের হাতে ছিল একটি ব্যানার, যেখানে লেখা ছিল—‘হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। মিছিলে অংশ নেন প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণ। মিছিলটি মহাসড়ক ধরে প্রায় ২০০ গজ এগিয়ে শহরের হাসান সড়কের মাথায় গিয়ে শেষ হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, ‘মিছিলকারীদের ধরতে অভিযান চলছে। আমি নিজেও অভিযানে আছি। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, সবাই চিহ্নিত।’ তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সন্ধ্যা সাতটা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে পাঁচজন মিছিলকারীকে আটক করেছে বলে জানা গেছে। আটক অভিযানের পাশাপাশি ঘটনার অন্যান্য দিক যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরওয়ালা/এসআই



