পটুয়াখালীতে কর্মস্থলে দেরিতে আসায় তিন জেলেকে প্রহার, একজনের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটা মৎস্যবন্দর আলীপুরে কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর করা হয়েছে, যার ফলে হেলাল হাওলাদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে, এরপরও তাদের জোর করে সাগরে মাছ ধরতে পাঠানো হয়।

মারধরের শিকার হেলাল সাগরে অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় ট্রলারে করে পুনরায় ঘাটে ফিরিয়ে আনা হয়। অভিযোগ রয়েছে, গুরুতর অসুস্থ হেলালকে রাতে হাসপাতালে না নিয়ে শুক্রবার সকালে নিয়ে আসা হয়েছে। ততক্ষণে তার অবস্থার অবনতি ঘটে। হেলালের স্বজনদের দাবি, তাকে বরিশাল নিয়ে যাওয়ার পথে আলীপুরেই তার মৃত্যু হয়।

নিহত জেলে হেলালের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে। মারধরের শিকার অপর আহত জেলেরা হলেন সাদ্দাম আকন (১৮) ও আসাদুল হাওলাদার (২০), তাদের বাড়িও একই এলাকায়।

মহিপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলীপুর বাজারে আল আমিনের মাছের আড়তে ওই তিন জেলেকে মারধর করা হয়। এরপর তাদের জোর করে সাগরে পাঠানো হয়। রাত ১১টার দিকে হেলালের শারীরিক অবস্থার অবনতি হলে ট্রলার নিয়ে তারা আলীপুরে ফিরে আসে। সারা রাত নদীতে থাকার পর শুক্রবার সকালে হেলালকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান অপু জানান, হেলালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত ট্রলার মালিক মন্টু ফরাজী (৪৮), সহযোগী সোহাগ হাওলাদার (৩০) ও মেশারেফকে পুলিশ চিহ্নিত করলেও এখনো তাদের আটক করতে পারেনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।