পটুয়াখালীতে শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) দিবাগত রাত ২টার সময় মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাফর মেম্বার জানান, শনিবার রাত আনুমানিক ২টার দিকে ৭ থেকে ৮ জনের ডাকাতদল বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফেলে।
এ সময় তার শিশুর গলায় অস্ত্র ধরে ও ঘরের আলমারি ভেঙে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট করে ডাকাতরা। তিনি আরও বলেন, ডাকাতরা মুখে কাপড় বাঁধা অবস্থায় থাকায় কেউকে চিনতে পারেননি তিনি।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, আমরা সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
খবরওয়ালা/এফএস



