পয়লা বৈশাখের অনুষ্ঠানে থাকছে আলোর পথে যাত্রার আহ্বান

এবার পয়লা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ প্রতিপাদ্যে এবারের পহেলা বৈশাখ উদযাপন করা হবে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল চারটায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পয়লা বৈশাখের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়।

লিখিত বক্তব্য উপস্থাপন করে লাইসা আহমদ বলেন, ‘এবার ছায়ানটের ৫৮তম বর্ষবরণের আয়োজন। বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাঙালি জাগবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে।’

লাইসা আহমদ জানান, এবার অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান ও আত্মবোধনের জাগরণের সুরবাণী দিয়ে। এতে থাকবে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে (সকাল ৬টা ১৫ মিনিটে) অনুষ্ঠান শুরু হবে ভৈরবীতে রাগালাপ দিয়ে। শেষে ছায়ানটের কথন পাঠ করবেন ডা. সারওয়ার আলী। প্রায় দুই ঘণ্টার এ আয়োজন ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

ডা. সারওয়ার আলী বলেন, ‘ছায়ানটের সভাপতি সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর দেখিয়ে যাওয়া পথ ধরে আমরা যেন সবাই মিলে এগিয়ে যেতে পারি, তবেই তাঁর প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।’

ছায়ানটের এই প্রভাতি অনুষ্ঠান কেবল নিছক এক দিনের জন্য বাঙালি হয়ে ওঠার বিষয় নয় বলে উল্লেখ করেন সারওয়ার আলী। তিনি বলেন, ছায়ানট মনে করে এই অনুষ্ঠানের গান ও পাঠের আবহের মধ্য দিয়ে প্রত্যেকের মনে বাঙালি জাতিসত্তার উন্মেষ হবে। সব কলুষতা দূর করে মানুষ হয়ে ওঠার সাধনায় প্রেরণা জোগাবে।

প্রশ্নোত্তর পর্বে পার্থ তানভীর নভেদ জানান, মঞ্চের প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তা নিয়ে তাঁদের কোনো উদ্বেগ নেই। তাঁরা আশা করছেন, নির্বিঘ্নেই সব আয়োজন সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলন শেষে সমবেত কণ্ঠে ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের, এই বাংলা কবি নজরুলের’ গান দুটি পরিবেশন করা হয়।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।