পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদার দাবিতে হামলা-গুলি, গ্রেপ্তার ৩

রাজধানীর পল্লবীতে চাঁদার টাকা না দেওয়ার অভিযোগে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। চাঁদার দাবিতে এই হামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা, এবং মোহাম্মদ রায়হান। রবিবার (১৩ জুলাই) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শনিবার (১২ জুলাই) রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই হামলার ঘটনায় আরও অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনা ঘটেছে শুক্রবার (১১ জুলাই) রাতের দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় অবস্থিত এ কে বিল্ডার্স নামক একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে। সেখানে পাঁচ কোটি টাকা চাঁদার দাবিতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, হামলাকারীরা এ সময় চারটি গুলি ছোড়ে, যার ফলে শরিফুল ইসলাম নামক একজন কর্মকর্তা আহত হন। তাকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খান ও তাঁর ছেলে আমিমুল এহসান জানান,  তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় এর আগে দুইবার আমাদের প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। গতকাল আবার ৩০-৪০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে এসে গুলি চালায়। পরে সিসি ক্যামেরাসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ঘটনায় এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়,  গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এসব ঘটনার পর শনিবারও প্রতিষ্ঠানটিতে আবার হামলা হলো।

এর আগে গত ৯ জুলাই (বুধবার) পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে দিনদুপুরে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করে একদল ব্যক্তি। পরিবারের দাবি, মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়।

সারাদেশে চাঁদাবাজি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।