পাঁচ ফিশিং বোটসহ ৪০ জেলে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সমুদ্র উপকূলে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে অস্ত্রের মুখে ৫টি ফিশিং বোটসহ ৪০ জেলেদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগরে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং অপর ২টির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।

অন্যান্য জেলেদের বরাত দিয়ে বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানিয়েছেন, বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত ২০ থেকে ৩০টি ট্রলারের জেলেরা মাছ শিকার করছিল। এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা ২টি স্পিডবোট যোগে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ৫টি ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, ঘটনাটি বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

আরকান আর্মির নিজস্ব ওয়েবসাইট গ্লোবাল আরাকান আর্মিতে ৪০ বাংলাদেশিকে জেলেকে আটক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলার সহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যাদের খবর এখনও জানেন না স্বজনরা।

এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩২৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।