খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২৩ই আগস্ট ২০২৫, ৮:৩৪ এএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাওয়ায় আবির মিয়া (২৬) নামের এক অটোরিকশাচালকের শরীর ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দিয়ে ভুক্তভোগীকে চোর অপবাদ দিয়ে মাথা ন্যাড়া করে হেনস্তা করেন ওবায়দুল মিয়ার লোকজন।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার কনিকাডা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আবির মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফত আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আবির মিয়া জানান, নবীনগরের আলিয়াবাদ গ্রামের অটোরিকশাচালক ওবায়দুল মিয়ার কাছে তিনি ৭০০ টাকা পান। শুক্রবার সন্ধ্যায় দেখা হলে আবির ওই টাকা চাইলে ওবায়দুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে আবিরের গায়ে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেন ওবায়দুল। এরপর আবিরকে ‘চোর’ বলে অপবাদ দিয়ে কয়েকজনকে নিয়ে তার মাথা ন্যাড়া করে দেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবির মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পাঠালে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য