পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র, আঘাত হানতে পারবে ইসরায়েলেও!

পাকিস্তানের নিজস্ব তৈরি শাহীন–৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। সর্বোচ্চ ২ হাজার ৭৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় সরাসরি ইসরায়েলও পড়ছে। আর সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির পর পাকিস্তান প্রথমবারের মতো স্পষ্ট ঘোষণা দিয়েছে, প্রয়োজনে তাদের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবের জন্যও ‘সহজলভ্য’ থাকবে।

জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, ‘আমাদের পারমাণবিক সক্ষমতা বহু আগে থেকেই প্রতিষ্ঠিত। যুদ্ধক্ষেত্রের জন্য বিশেষ প্রশিক্ষিত বাহিনী রয়েছে। আমরা যা কিছু অর্জন করেছি, এই চুক্তির আওতায় তা সৌদি আরবের জন্যও প্রযোজ্য হবে।’

পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি মূলত ভারতের সামরিক চাপের প্রতিক্রিয়ায় গড়ে ওঠে। দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে এবং কাশ্মীর ইস্যুতে এখনো উত্তেজনা বিদ্যমান। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টস-এর হিসাবে, বর্তমানে ভারতের হাতে প্রায় ১৭২টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, পাকিস্তানের আছে প্রায় ১৭০টি।

বিশ্লেষকদের মতে, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। যদিও চুক্তিতে সরাসরি পারমাণবিক প্রযুক্তি বিনিময়ের কথা উল্লেখ নেই, প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য সেই দিকেই ইঙ্গিত করছে।

ইঙ্গিত কি ইসরায়েলের প্রতি?

পর্যবেক্ষকদের মতে, পাকিস্তানের এই বার্তা মূলত ইসরায়েলের উদ্দেশ্যে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ধরা হয়। সম্প্রতি কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হওয়ার পর গাজায় উত্তেজনা বেড়েছে এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে।

গত বুধবার স্বাক্ষরিত সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, এক দেশের ওপর হামলা হলে তা অন্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। এ ছাড়া উভয় দেশই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পর্যবেক্ষণ চুক্তিতে স্বাক্ষর করেছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে আইএইএর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং আসিফ তার সাক্ষাৎকারে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আইএইএর কাছে পূর্ণ স্বচ্ছতা না থাকার বিষয়টি সমালোচনা করেন।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে সমালোচনা করে আসছে, যদিও সরাসরি যুদ্ধে জড়ায়নি। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র পূর্বে উদ্যোগ নিয়েছিল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধের পর থেকে সেই প্রক্রিয়া স্থগিত রয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।