খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় আজ শনিবার সকালে ইউপিডিএফ (মূল) দলের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। এ সময় ওই এলাকা থেকে বিদেশি পিস্তল, রাইফেলের গুলি, ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে আজ সকালে সেনাবাহিনীর টহল দল এলাকার ইউপিডিএফ (মূল) দলের সন্দেহভাজন এক সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ইউপিডিএফ (মূল) দলের ১৫-২০ জন সদস্যের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এলাকার দুর্গমতার কারণে সশস্ত্র দলটি পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তী তল্লাশিতে ওই এলাকা থেকে ৮টি গুলিসহ ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগাজিন, রাইফেলের ২০০টি গুলি, ১টি ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া প্রাথমিকভাবে চালু রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।
খবরওয়ালা/শরিফ