পাকিস্তানে সামরিক বাহিনীর গাড়িবহরে হামলা, নিহত ৫ আহত অন্তত ৪০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে দেশটির সামরিক বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চল্লিশ জন।

রবিবার (১৬ মার্চ) নোশকি এলাকার কাছে কোয়েটা-তাফতান মহাসড়কে এই হামলা হয়েছে। হামলায় আরও ৪০ জন সেনা আহত হয়েছেন বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এই হামলার কথা নিশ্চিত করেছে। সেইসঙ্গে হামলায় নিহতদের মধ্যে দুইজন বেসামরিক বলে জানিয়েছে তারা।

কর্মকর্তারা ডনকে জানিয়েছেন, ফ্রন্টিয়ার কোরের ওই বহরটিতে ছয়টি বাস ও দু’টি গাড়িসহ আটটি যান ছিল। বহরটি কোয়েটা শহর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নোকুন্দি শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নোশকি শহরের কাছে বহরের একটি বাসের পাশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

দেশটির নিরাপত্তা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে বলেন, বিস্ফোরক ভরা গাড়ি নিয়ে এক হামলাকারী বহরের একটি বাসকে ধাক্কা দেয়। এরপর বিস্ফোরণ ঘটায়।

তিনি জানান, বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে যায়। তবে বহরের অপর সাতটি যানে অক্ষত ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, হামলার পরে নিকটবর্তী পর্বতে লুকিয়ে থাকা হামলাকারীরা বহর লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ চালায়। এর জেরে গাড়িবহরে থাকা নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। সেইসময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

ডন বলছে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালে ওই এলাকার উপরে কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখা যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহগুলো ও আহতদের নোশকি টিচিং হাসপাতালে পাঠানো হয়। দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে বলেন, পাঁচটি মৃতদেহ ও তিন জনেরও বেশি আহতকে হাসপাতালে আনা হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, অভিযান চলাকালে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।