খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ই এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম
পাবনার ঈশ্বরদীতে বাদশা হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার উমিরপুর রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশী যুক্তিতলা এলাকার মৃত দেলবার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি পাশাপাশি জমি কেনাবেচার ব্যবসা করতেন।
নিহতের পরিবারের দাবি তাকে অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহতের ছেলে মিঠুন জানান, গত দুইদিন আগে তার বাবার কাছে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। সেই টাকা না দেয়ায় সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী উপজেলার তালতলা মোড় এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে তার বাবা বাদশা হোসেনকে তুলে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর রেল লাইনের পাশ থেকে তার দ্বিখণ্ডিত লাশ পাওয়া যায়।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য