পিছিয়ে গেলো চিন্ময় দাসের জামিন শুনানি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর ইন্তেকালে কারণে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ রবিবার সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা হয়েছে। ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আজকের শুনানি হচ্ছে না।

রবিবার (৪ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর সুপ্রিম কোর্টের সকল বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি এম. আই. ফারুকী (সিনিয়র আইনজীবী এবং অ্যাডভোকেট রোল নম্বর-৭) এর মৃত্যুতে প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার সম্মানে এবং প্রধান বিচারপতির নির্দেশে এই কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

আজকের শুনানি হচ্ছে না বলে জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, এখনো যতটুকু জানি, আজকে হয়তো শুনানি বসবে না। আজ না বসলে আগামীকাল (সোমবার) বসতে পারে।

এদিকে জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বিচারপ্রার্থী ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে আদালত চত্বরে প্রবেশ করতে হচ্ছে।

বেলা ১১টার দিকে ‘ছাত্রসমাজ’ আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে আইনজীবী আলিফ হত্যার বিচার ও চিন্ময়ের ফাঁসির দাবি জানান।

গত বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপক্ষ জানায়, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শুনানি হবে ৪ মে চেম্বার আদালতে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ সাংবাদিকদের বলেন, রোববার শুনানি হবে।

এর আগে হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় দাসের জামিন মঞ্জুর করে রুল যথাযথ ঘোষণা করেন। সন্ধ্যায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানির জন্য ৪ মে দিন ধার্য হয়।

চিন্ময় কৃষ্ণ দাস গত পাঁচ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।